আরজি করের নির্যাতিতার স্মরণে রাজ্যজুড়ে দুই মিনিটের নীরবতা পালন স্বাস্থ্য দফতরের

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রয়াত চিকিৎসকের স্মৃতি ও তার প্রতি শ্রদ্ধা জানাতে সরকারিভাবে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, আগামী রবিবার সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে নির্যাতিতা চিকিৎসকের প্রতি সংহতি প্রকাশ করা হবে।
রবিবার পানিহাটিতে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আরজি করের সেই নির্যাতিতা চিকিৎসকের স্মরণে গঠিত ট্রাস্টের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন স্থানীয় বিধায়কসহ নির্যাতিতার পরিবারের সদস্যরা। ওই মঞ্চ থেকেই ট্রাস্টের ভবিষ্যৎ কর্মপন্থা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের রূপরেখা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের নিথর দেহ। সেই নারকীয় ঘটনার পর প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্ব প্রচারের অভিযোগ উঠলেও, পরবর্তী তদন্তে উঠে আসে নৃশংস হত্যাকাণ্ডের ভয়াবহ তথ্য। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে তৈরি হয়েছিল তীব্র প্রতিবাদের ঢেউ, যা সময়ের ব্যবধানে এক ব্যাপক গণ-আন্দোলনের রূপ নেয়।
বিচারের দাবিতে পথে নেমেছিলেন সর্বস্তরের মানুষ। প্রতিবাদে শামিল হয়েছিল ভারতসহ বিশ্বের নানা প্রান্তের সচেতন নাগরিকরা। ‘রাতদখল’-এর মতো কর্মসূচিতে লক্ষাধিক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছিল সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও সংবেদনশীলতাকে। সেই দিন প্রতিটি পরিবার যেন নিজের আপনজনকে হারানোর বেদনা অনুভব করেছিল, যা ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে আরও জোরালো করে তুলেছিল।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
