AdvertisementAdvertisement

কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে বাটোয়ারা ১৯৪৭ এর প্রচারে এসে ব্যক্তিগত মন্তব্যের মুখে আমির খান

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র আঠারোতম সিজন নিয়ে চারদিকে সাজ সাজ রব। এই শো-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হতে চলেছেন বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবং অ্যাকশন হিরো সানি দেওল। মূলত আমির খান প্রযোজিত আসন্ন পিরিয়ড ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার প্রচারের উদ্দেশ্যেই শো-এর মঞ্চে তাদের এই উপস্থিতি। তবে সিনেমার প্রচারের বদলে আমির খান আবারও পড়লেন নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শো-এর একটি প্রমো ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে দেখা যাচ্ছে, বিগ বি-এর শো-এর বিশেষ সেগমেন্ট ‘সোচনা পরেগা’ নিয়ে আমির বেশ কৌতূহলী। অমিতাভকে উদ্দেশ্য করে আমির প্রশ্ন ছুড়ে দেন, শো-এর প্রচারে যেহেতু বলা হচ্ছে ‘ভাবতে হবে’, তাই প্রতিযোগী হিসেবে এখন থেকে কি সবকিছু ভেবেচিন্তে উত্তর দিতে হবে? অমিতাভ বচ্চনও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জবাব দেন, এবার সব কিছুই আগের চেয়ে বেশ কঠিন হতে চলেছে। আমিরের কণ্ঠে তখন বিষ্ময় মিশিয়ে বেরিয়ে আসে সেই লাইন, ‘ভাবতে হবে স্যার, সত্যিই ভাবতে হবে।’

Advertisement
বিজ্ঞাপন

আমিরের এই সংলাপটিই যেন নেটিজেনদের হাতে নতুন অস্ত্র তুলে দিল। ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার একাংশ আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করতে শুরু করেন। কেউ তীর্যক ভাষায় লিখেছেন, ওনাকে বরং কেউ জিজ্ঞেস করুক উনি তৃতীয় বিয়ের পর চতুর্থ বিয়ের কথা আদৌ ভাবছেন কি না? আবার কেউ প্রশ্ন তুলেছেন, উনি কি ব্যক্তিগত জীবনের নতুন সমীকরণ নিয়ে আলোচনা করতেই শো-তে এসেছেন? একের পর এক এমন বিদ্রূপে শো-এর প্রচারের চেয়ে যেন আমিরের বিয়ে কেন্দ্রিক ট্রোলিংই বেশি প্রাধান্য পাচ্ছে।

উল্লেখ্য, রাজকুমার সন্তোষী পরিচালিত এবং আমির খান প্রোডাকশনস প্রযোজিত ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমাটি ভারত বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। লাহোরের পটভূমিতে তৈরি এই পিরিয়ড ড্রামায় সানি দেওল ও প্রীতি জিনতার রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। দীর্ঘ আট বছরের বিরতি পেরিয়ে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন প্রীতি জিনতা। ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, করণ দেওল, আলি ফজলসহ একঝাঁক তারকা। সব মিলিয়ে রুপালি পর্দায় সিনেমাটি নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও, প্রচারের মঞ্চে আমির খানকে ঘিরে বিতর্ক যেন থামার নাম নিচ্ছে না।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%