পাঞ্জাবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনের বৈঠক আহ্বান

পাঞ্জাব প্রদেশে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নির্ধারণের লক্ষ্যে জরুরি আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া এগিয়ে নিতে পাঞ্জাব সরকারের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছে সাংবিধানিক সংস্থাটি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঞ্জাব সরকারের কাছে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে দ্রুত সময়ের মধ্যে একটি প্রাদেশিক মন্ত্রিসভা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের খুঁটিনাটি ও ভোটের তারিখ নিয়ে আলোচনার জন্য এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ২০ আগস্ট সকাল ১১টায় ইসলামাবাদে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে এই পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন আইন এবং পাঞ্জাব স্থানীয় সরকার আইনের আলোকে এই আলোচনা সম্পন্ন হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, পাঞ্জাব প্রাদেশিক মন্ত্রিসভার সংশ্লিষ্ট প্রতিনিধিদের এই সভায় উপস্থিত থাকতে হবে। মূলত ওই বৈঠকেই প্রদেশের স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং আনুষঙ্গিক বিষয়াবলি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
