সৈয়দপুরে এসএসসিতে জিপিএ-৫ ও পাসের হার কমেছে, শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পায়নি অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। উপজেলার ৩০টি বিদ্যালয়ের কোনোটি থেকেই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় স্থানীয় শিক্ষা অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।
চলতি বছর উপজেলায় মোট ৩ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে ২ হাজার ২২৮ জন উত্তীর্ণ হয়েছে এবং অকৃতকার্য হয়েছে ৮৭১ জন। উপজেলার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭৭ শতাংশে। এছাড়া ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৫১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
ফলাফলের ভিত্তিতে দেখা যায়, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৮ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০১ জন, সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৫২ জন, আল-ফারুক একাডেমি থেকে ৩৩ জন, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৪ জন এবং তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।
তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় থেকে ১৫ জন, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৯ জন, সৈয়দপুর উচ্চবিদ্যালয়, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর মডেল উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন করে জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর মুসলিম স্কুল ও শ্বাসকান্দর ব্যাঙমারী উচ্চবিদ্যালয় থেকে চারজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
এর পাশাপাশি হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ, শেরে বাংলা উচ্চবিদ্যালয়, কয়ানিজপাড়া উচ্চবিদ্যালয় ও লক্ষ্মণপুর স্কুল ও কলেজ থেকে তিনজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাঙালীপুর উচ্চবিদ্যালয় ও কামারপুকুর উচ্চবিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করলেও সৈয়দপুর ইসলামিয়া স্কুল, রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়, কয়া গোলাহাট উচ্চবিদ্যালয় ও কলেজ, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয়, বোতলাগাড়ী আদর্শ বালিকা নিকেতন, চওড়া উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় ও সাতপাই স্কুল অ্যান্ড কলেজের কোনো পরীক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার মতো সাফল্য দেখাতে পারেনি।
