AdvertisementAdvertisement

জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের হাত গুরুতর জখম হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তমিজ খাঁর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে, তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লা ককটেল বিস্ফোরণে হাতের কবজিতে গুরুতর আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোমান বাদশাহ বলেন, “বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে এবং অন্যজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে।”

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, “জাজিরায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

0%
0%
0%
0%