সন্দ্বীপে উদ্ধার হওয়া বিরল প্রজাতির অলিভ রিডলি কচ্ছপ সাগরে অবমুক্ত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন সংলগ্ন নতুন চরে আটকা পড়া বিপন্ন প্রজাতির একটি অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপকে উদ্ধার করে পুনরায় সাগরে অবমুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বনবিভাগের উদ্যোগে বিরল এই সামুদ্রিক প্রাণীটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কচ্ছপটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের নির্দেশে তাৎক্ষণিক এই পদক্ষেপ নেয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মগধরা এলাকার বাসিন্দা মিজান নিয়মিত গবাদি পশু চরাতে গিয়ে নতুন চরের বালুচরে বিশালাকৃতির কচ্ছপটিকে পড়ে থাকতে দেখেন। প্রাণীটি পানি ছাড়া মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বুঝতে পেরে তিনি সেটিকে উদ্ধার করে নিকটস্থ কেওড়া বনের ভেতরে একটি জলাশয়ে স্থানান্তর করেন। পরবর্তীতে নুরুজ্জামান নামের অপর এক স্থানীয় বাসিন্দা পুরো ঘটনার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং কচ্ছপটিকে সাগরে ফিরিয়ে দেওয়ার জনসচেতনতামূলক আহ্বান জানান।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, উদ্ধার হওয়া প্রাণীটি বিশ্বজুড়ে ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত অলিভ রিডলি প্রজাতির। সাধারণত গভীর সমুদ্রে বিচরণকারী এই কচ্ছপগুলো প্রজনন মৌসুমে বা জেলেদের জালে আটকে দিকভ্রান্ত হয়ে উপকূলের কাছাকাছি চলে আসে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে আসার পর ভাটার টানে প্রাণীটি নতুন চরের কাদা-বালিতে আটকা পড়েছিল।
বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এমন সচেতন ও দায়িত্বশীল আচরণের ভূয়সী প্রশংসা করেছে উপজেলা প্রশাসন। সন্দ্বীপের জনসাধারণের ইতিবাচক ভূমিকার কারণেই বিরল এই সামুদ্রিক প্রাণীটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।
