AdvertisementAdvertisement

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ১৩ ডিসেম্বর শাহবাগে জমায়েতের ডাক ইনকিলাব মঞ্চের

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের আয়োজিত ‘জুলাইয়ের বিজয়গাথা ও বাংলাদেশপন্থী সংস্কৃতির নবসূচনা’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন যে, আগামী ১৩ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে টানা জমায়েত কর্মসূচি শুরু হবে।

আবদুল্লাহ আল জাবের স্পষ্ট ভাষায় বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়ায় গড়িমসি বরদাশত করা হবে না। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারকে এই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, সরকার বিচার করবে কি করবে না, তা পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে এবং কোনো প্রকার ধোঁয়াশা বা টালবাহানা আর মেনে নেওয়া হবে না।

Advertisement
বিজ্ঞাপন

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে দেশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, এই খুনের রহস্য উন্মোচন করতে না পারলে রাষ্ট্র ও সমাজব্যবস্থায় গভীর ষড়যন্ত্রের জাল বিস্তৃত থাকবে। আন্দোলনের অংশ হিসেবে ডিসেম্বর মাস জুড়ে সারাদেশের ৬৪টি জেলা সফর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে কাশীদার লিড ভোকালিস্ট আহমেদ আতাউল্লাহ সালমান, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, ডা. মো. আরিফ মোর্শেদ খান ও সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%