কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হওয়া মিছিলটি ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি দুর্বৃত্তরা গভীর রাতে যুবদল নেতা ফরিদুল আলম বুলুর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মাত্র এক সপ্তাহ আগে শারমিন সুলতানার বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় পৃথক মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বক্তারা আরও জানান, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কাপাসিয়ার ওপর দিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে তাঁর দৃষ্টি আকর্ষণ করে এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হবে। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
