AdvertisementAdvertisement

পঞ্চগড়ে বৃদ্ধ আটকের জেরে ভারতীয় নাগরিককে আটকে রাখল স্থানীয়রা সীমান্তে উত্তেজনা

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্ত এলাকায় বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিখোঁজ বৃদ্ধকে ফেরত পাওয়ার দাবিতে স্থানীয়রা সীমান্তের ওপার থেকে আসা দীপঙ্কর গোপ নামের এক ভারতীয় নাগরিককে আটক করে রেখেছেন। গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দীনকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় ওই নাগরিককে কোনোভাবেই মুক্তি দেওয়া হবে না।

শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে স্থানীয়রা ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর গোপকে আটক করেন। ত্রিশ বছর বয়সী ওই ভারতীয় নাগরিককে বর্তমানে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের কড়া নিরাপত্তায় বিরাজোত এলাকায় রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীপঙ্কর সকালে কাঁটাতারের ওপারে নিজস্ব চা-বাগানে কাজ করতে এসেছিলেন এবং এক পর্যায়ে ভুলবশত বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন।

Advertisement
বিজ্ঞাপন

এর আগে গত বুধবার সকালে স্থানীয় বাসিন্দা ৭৮ বছর বয়সী তমিজ উদ্দীন গরু খুঁজতে গিয়ে সীমান্তে নিখোঁজ হন। পরিবারের দাবি, বৃদ্ধ তমিজ উদ্দীন শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং কানে কম শোনেন, যার কারণে তিনি সীমান্ত রেখা সম্পর্কে সচেতন ছিলেন না। ওই দিনই বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলে তবেই তারা আটক ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর—বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত ফিরিয়ে আনা এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%