AdvertisementAdvertisement

ফেসবুক স্ট্যাটাস ঘিরে ঝালকাঠি বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে

ঝালকাঠি জেলা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ানোর পর, এবার জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের রহস্যময় একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

শাহাদাত হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়’, ‘চোরের মায়ের বড় গলা’ এবং ‘বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা’—এমন বেশ কিছু প্রবাদ বাক্য পোস্ট করেছেন। এই পোস্টের মাধ্যমেই তিনি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষক ও দলের সাধারণ কর্মীরা ধারণা করছেন। তবে অ্যাডভোকেট শাহাদাত হোসেনের দাবি, তিনি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে এসব কথা লেখেননি।

Advertisement
বিজ্ঞাপন

শনিবার রাত ৮টা পর্যন্ত ওই ফেসবুক পোস্টে ২৩২ জন ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পোস্টটি ৩০ বার শেয়ার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাল্টাপাল্টি মন্তব্যের ফলে দলের ভেতরে চলমান বিভাজন ও সংকট আরও প্রকট হয়ে উঠেছে বলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অভিমত ব্যক্ত করেছেন।

জেলা বিএনপির আরেক নেতা অ্যাডভোকেট শামীম আলম বাবু এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় জানিয়েছেন, গত ৪০ বছরের রাজনৈতিক ইতিহাসে ঝালকাঠি জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব স্বচ্ছ ও পরিচ্ছন্ন। তিনি আরও মন্তব্য করেন যে, যারা এখন দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্য মূলত ভিন্ন এবং বিভ্রান্তি ছড়ানোই তাদের মূল লক্ষ্য।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%