৯ আগস্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে

চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আগামী ৯ আগস্ট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া গ্রহণই এই সফরের মূল উদ্দেশ্য। এছাড়া প্রধানমন্ত্রী এই সফরে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে সরাসরি সাক্ষাৎ না হলেও সংসদের দক্ষিণ প্লাজায় আল্লামার নামাজ আদায়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে এবং আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যস্ততার কারণে ফটিকছড়িতে গিয়েই সাক্ষাতের সিদ্ধান্ত গ্রহণ করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে ফটিকছড়ি উপজেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাবুনগর মাদ্রাসায় দুই ব্যক্তিত্বের এই ঐতিহাসিক সাক্ষাতকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে চলছে বিশেষ প্রস্তুতির কাজ। সাধারণ মানুষের মধ্যেও এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণসহ অনুষ্ঠানস্থল প্রস্তুত এবং সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
