গণহত্যাকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না, কারণ দেশের মানুষ কখনোই তাদের রাজনীতি গ্রহণ করবে না। তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের কোনো অনুশোচনা নেই এবং তারা দেশবাসীর কাছে ক্ষমাও চায়নি। এ ধরনের অপরাধীদের এদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ জনগণ আর দেবে না।
এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-০১ এর উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কেবল অবকাঠামো নির্মাণের দিকে না তাকিয়ে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কক্সবাজার সমুদ্রসৈকতের পুরো একশ কিলোমিটার এলাকাজুড়ে পর্যটনবান্ধব কর্মকাণ্ড পরিচালনা ও পর্যটনের বিকাশে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ফ্যাসিবাদী সরকারের আমলে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ নিয়ে মন্ত্রী জানান, ট্যুরিজম বিকাশের লক্ষ্যে এসব এলাকা নতুন করে জরিপ চালিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটনের প্রসারে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়ে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
টেকনাফসহ বিভিন্ন স্থানে অপহরণের মতো অপরাধ প্রবণতা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জিওসি পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সরকারি পর্যায় থেকেও সেনাবাহিনীকে প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে। অপহরণের মতো ঘৃণ্য অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
