রামুর ম্যারাথনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলায় ‘অমর ৩৬ জুলাই’ নামের একটি সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ বা ন্যায়বিচারের জন্য পদযাত্রা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে শুক্রবার ভোর ৬টায় রামু চৌমুহনী এলাকা থেকে এই ম্যারাথন যাত্রা শুরু হয়। দুই কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনটি রাজারকুল ফরেস্ট অফিস প্রদক্ষিণ শেষে পুনরায় রামু চৌমুহনী স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
ম্যারাথন শেষে স্বাধীনতা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে শিক্ষার্থীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এ সময় পুরো এলাকা ফ্যাসিবাদবিরোধী নানা সচেতনতামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সংগঠনের সমন্বয়কারী মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আ ন ম হারুন, কক্সবাজার জেলা রাজবন্দী অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সাংগঠনিক সম্পাদক মাঈনুর রশিদ, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম এবং গেজেটেড জুলাইযোদ্ধা আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক অর্জন। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তঝরা ত্যাগ ও চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সব সময় অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
