প্রচণ্ড দাবদাহে জাপানে প্রশিক্ষণ চলাকালীন প্রাণ হারালেন ফিজিয়ান রাগবি তারকা সাইমোনি ভুনিলাগি

জাপানি ক্লাব কিউশু কেভি’র হয়ে খেলা ফিজিয়ান রাগবি খেলোয়াড় সাইমোনি ভুনিল্যাগি প্রাণ হারিয়েছেন। সোমবার দলীয় অনুশীলনের পর তীব্র হিটস্ট্রোকের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর শুক্রবার সকালে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্লাবটির পক্ষ থেকে শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার ফুকুওকা শহরে দলীয় অনুশীলনের সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এরপরই অসুস্থ হয়ে পড়েন ১৯৬ সেন্টিমিটার উচ্চতা ও ১১৭ কেজি ওজনের ব্যাক রো ফরোয়ার্ড সাইমোনি। জাপানে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে ২০২৩ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্লাবটিতে। কিউশু কেভি জানিয়েছে, নবীন হলেও তার উদার মানসিকতা ও শক্তিশালী খেলার ধরন আসন্ন মৌসুমে দলের জন্য বড় অবদান রাখবে বলে তারা প্রত্যাশা করেছিল।
জাপানে সাম্প্রতিক সময়ে দাবদাহের প্রকোপ চরম আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, গত ২০ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে প্রায় ১৮ হাজার ৬০০ জন হিটস্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে। প্রতি বছর জাপানে প্রায় ১ হাজার ৩০০ জন তাপজনিত কারণে প্রাণ হারান এবং ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে চরম তাপপ্রবাহের ঘটনা বাড়ছে। এমনকি টোকিও চিড়িয়াখানার তিনটি সিংহও সম্প্রতি হিটস্ট্রোকে মারা গেছে।
তীব্র তাপপ্রবাহের কারণে জাপানে বেশ কিছু সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন আয়োজকরা। দেশটিতে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ইসেসাকিতে নথিভুক্ত করা হয়েছিল। সাইমোনি ভুনিল্যাগির অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্লাবটির কর্মকর্তা ও সতীর্থরা।
