মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও বই পড়ার বিকল্প নেই: আব্দুর রহমান খান

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামে নতুন প্রজন্মের মাঝে সুস্থ বিনোদন ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে নির্মিত হয়েছে ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘ’। শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্তের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলা ও বই পড়ার বিকল্প নেই।
আব্দুর রহমান খান আরও বলেন, অভিভাবকদের অধিকতর সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা ও তাদের কর্মকাণ্ডের ওপর নিয়মিত নজরদারি করা জরুরি। তিনি কোমলমতি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে এনায়েত স্মৃতি সংঘের বর্তমান সভাপতি ইমাম হোসেন রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাস্টার তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আবুল হাসেম, অধ্যক্ষ মামুনুর রশিদ, অ্যাডভোকেট মমিনুল ইসলাম, অ্যাডভোকেট রায়হান চৌধুরী, সেলিম চৌধুরী এবং বর্তমান সাধারণ সম্পাদক শামসুল আলম সম্রাট। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে আব্দুর রহমান খান সংঘের সদস্য ও স্থানীয় কিশোর-কিশোরীদের মাঝে জ্ঞানগর্ভ বিভিন্ন ধরনের বই উপহার হিসেবে তুলে দেন। এই আয়োজনটি এলাকার শিক্ষানুরাগী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।
