AdvertisementAdvertisement

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইতালির ক্যাটানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত

ইতালির সিসিলির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং পূর্বাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাতানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের আগমনী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এৎনা থেকে উদগিরিত ঘন ধোঁয়া ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ায় শনিবার কর্তৃপক্ষ এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে। বিমানবন্দরের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে, তবে বর্তমানে রানওয়েতে থাকা উড়োজাহাজগুলো ছেড়ে যাওয়ার অনুমতি পাবে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির তথ্যমতে, মাউন্ট এৎনার চূড়া থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে, যা আগ্নেয়গিরিটির ক্রমবর্ধমান অস্থিরতারই বহিঃপ্রকাশ। ৩ হাজার ৩২৪ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত এবং গত পাঁচ লাখ বছর ধরে এটি নিয়মিত বিরতিতে অগ্ন্যুৎপাত ঘটিয়ে আসছে।

Advertisement
বিজ্ঞাপন

গত জুলাই মাস থেকেই আগ্নেয়গিরিটির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে পর্যটক গাইডরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। তাদের দাবি, আগ্নেয়গিরির লাভা প্রবাহ ধীরগতির হওয়ায় তা নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষণ করা সম্ভব। তবে ক্রমবর্ধমান অগ্ন্যুৎপাতের ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রশাসন জানুয়ারি মাসেই কিছু এলাকা ভ্রমণে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করে।

যদিও সাম্প্রতিক পর্যবেক্ষণে ভূতত্ত্ববিদরা জানিয়েছেন যে, মাউন্ট এৎনার অগ্ন্যুৎপাত এখনো চলমান থাকলেও লাভা প্রবাহের গতি কমে এসেছে এবং সেগুলো বর্তমানে শীতল হতে শুরু করেছে। তা সত্ত্বেও, আকাশপথে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এভিয়েশন কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে রাজি নয়। বর্তমানে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%