AdvertisementAdvertisement

হাওরে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে মিঠা পানির অভয়াশ্রম গড়ে তুলবে সরকার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম এলাকা পরিদর্শনের সময় আগামী মৌসুম থেকে দেশীয় মিঠা পানির মাছের উৎপাদন বাড়াতে বিশেষ অভয়াশ্রম তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে সামনে রেখে শনিবার দুপুরে এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিকল্পনা সম্পর্কে জানানো হয়, ইতিমধ্যে প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে এবং বাজেটও নির্ধারণ করা হয়েছে। একসময় হাওর, বাওড় ও নদীবিধৌত জনপদগুলোতে প্রাকৃতিক মাছের প্রাচুর্য ছিল। তবে কৃষি জমিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যাপক ব্যবহার এবং মা মাছের প্রজননক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মিঠা পানির দেশীয় মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

নতুন এ উদ্যোগের মাধ্যমে মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হবে, যা প্রজনন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। সংশ্লিষ্টদের মতে, মা মাছের সংখ্যা বাড়লে ডিম ছাড়ার হার বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়িত হলে হাওরাঞ্চলের বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছ রক্ষা করা সম্ভব হবে এবং আমিষের চাহিদাও পূরণ হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%