ব্রড পিকে তুষারধসে নিম্বস দাইসহ ১০ পর্বতারোহী নিখোঁজ উদ্ধার অভিযান অব্যাহত

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ব্রড পিক পর্বতে ভয়াবহ তুষারধসের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন ১০ পর্বতারোহী। বৃহস্পতিবার দুপুরে ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার এই শৃঙ্গে অভিযান পরিচালনাকারী দলটির সাথে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে আলপাইন ক্লাব অব পাকিস্তান। উদ্ধার অভিযানের গতি বাড়াতে বর্তমানে বিশেষায়িত হেলিকপ্টার ও উদ্ধারকারী দল দুর্গম এই অঞ্চলে কাজ চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ অভিযাত্রী দলে রয়েছেন নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামে বিশ্বজুড়ে পরিচিত। এছাড়া দলটিতে আরও রয়েছেন নেপালি পর্বতারোহী পুর বাহাদুর গুরুং, কিলি পেম্বা শেরপা, নিমা শেরপা, নাওয়াং থিন্দু শেরপা ও গ্যালু শেরপা। এই তালিকায় পাকিস্তানের হুনজার পর্বতারোহী সোহেল সাখিসহ ওমানের নাধিরা আহমেদ আব্দুল্লাহ আল হারথি, যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস ও চীনের ওয়াং ঝং অন্তর্ভুক্ত রয়েছেন।
আলপাইন ক্লাব অব পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পাকিস্তানর সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে জরুরি সমন্বয় শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও উচ্চ পার্বত্য অঞ্চলের ঝঁকি থাকা সত্ত্বেও উদ্ধারকার্য ত্বরান্বিত করতে শুক্রবার সকাল থেকেই দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ও দক্ষ দল তল্লাশি চালাচ্ছে। আলপাইন ক্লাব অব পাকিস্তানের সিনিয়র ভাইস প্রেসিডেন্টরার হায়দ্রি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের প্রযুক্তিগত ও উদ্ধারকারী সম্পদ মোতায়েন করা হয়েছে।
বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত ব্রড পিক বা ফলচান কাংরি ভৌগোলিকভাবে পাকিস্তানের কারাকোরাম রেঞ্জে, কে-টু পর্বতের সন্নিকটে অবস্থিত। যদিও এই শৃঙ্গটিকে আট হাজার মিটার উচ্চতার অন্য পর্বতের তুলনায় কম জটিল মনে করা হয়, তবুও কারাকোরামের এই অঞ্চলে তুষারধসের ঝুঁকি সবসময়ই অত্যন্ত বেশি। পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায় এখন অধীর আগ্রহে নিখোঁজ অভিযাত্রীদের উদ্ধারের সংবাদের অপেক্ষায় রয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
