জনগণের রায়কে সম্মান না করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না: ডা. শফিকুর রহমান

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জনগণের রায়কে সম্মান প্রদর্শন করে না, তারা কখনোই গণতন্ত্রপন্থী হতে পারে না। শুক্রবার সকালে আয়োজিত এই সম্মেলনে তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছিল বলেই ছাব্বিশ সালে দেশে একটি নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়েছে। আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার ও বিরোধী দলের উচিত সেই জনমতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের সময় গণভোটের পক্ষে অংশ নেওয়া ৬৭ দশমিক ৮ শতাংশ মানুষের রায়ের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকার কাঠামোতে দলীয়করণ করে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতীতে বাকশাল গঠন করেও কেউ টিকে থাকতে পারেনি।
নারায়ণগঞ্জের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির বলেন, এক সময়ের প্রাচ্যের ডান্ডি খ্যাত এই শিল্পশহর আজ তার অতীত গৌরব হারিয়েছে। ত্বকী হত্যাকাণ্ড ও সাত খুনের মতো নৃশংস ঘটনার বিচার না পাওয়া এবং বারবার লাশের মিছিলে শহরটি সন্ত্রাসের রাজধানীতে পরিণত হয়েছে। তিনি নারায়ণগঞ্জে নতুন কোনো গডফাদার বা পেশিশক্তির উত্থান রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
দলীয় এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
