যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছে ইসরায়েলের ব্যাপক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দাবি সত্ত্বেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, গালিলি অঞ্চলের বসতিগুলোতে হিজবুল্লাহর অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে বিউফোর্ট এলাকায় একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এই অভিযানে প্রায় ৭০০ টন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেল আবিব।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-এর তথ্য অনুযায়ী, মধ্যরাতের দিকে পরিচালিত এই ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় কালাইয়া শহরের ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর প্রভাবে আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ক্রুসেডার আমলের এই প্রাচীন দুর্গটি গত সপ্তাহেই ইউনেস্কোর বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিউফোর্টের পাশাপাশি ইয়োহমোর আল-শাকিল, আরনুন ও কাফর তিবনিত এলাকায়ও ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী, যার শব্দ দূরবর্তী অঞ্চলেও শোনা গেছে।
এছাড়া টায়ার জেলার আল-মানসুরি ও মাজদাল জউন এলাকায় গোলাবর্ষণ করে অসংখ্য গুহা ও ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ২৬ জুন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে অন্তত ১০ কিলোমিটার ভেতরে অবস্থান করছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের জন্ম দিয়েছে।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে বৈঠক করেছেন। যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আউন লেবাননের মাটি থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত মানুষের গ্রামে ফেরার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে এরদোয়ান লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে দক্ষিণ লেবানন পুনর্গঠনে তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
তবে লেবাননের দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাত এই যুদ্ধবিরতি চুক্তিকে একটি ‘বড় ফাঁদ’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, চুক্তিতে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টি স্পষ্টভাবে নেই, বরং এটিকে শুধু ‘পুনঃস্থাপনা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন।
তথ্যসূত্র: আল জাজিরা
