অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত, আহত ১১

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের যৌথ তাণ্ডবে এলাকাটি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। নাবলুসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত তালসহ বেশ কয়েকটি এলাকায় সাম্প্রতিক সহিংসতার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, গত শুক্রবার নাবলুসের জুনায়েদ এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় চার শিশুসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনী সরাসরি গুলি বর্ষণের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত একজনের পেটে গুলি লেগেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, শুক্রবার নাবলুস, তাল, সালেম ও বেথলেহেমসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এবং যাচাইকৃত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি সৈন্যরা তাল এলাকায় বিপুল সংখ্যায় সমবেত হচ্ছে। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, বসতি স্থাপনকারীদের সাথে নিয়ে ইসরায়েলি বাহিনী তালের আইন আল-মাজরাব এবং নাবলুসের পশ্চিমে আল-আমিরিয়া এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, তাদের বেসামরিক নাগরিকরা পশ্চিম তীরের ‘এরিয়া এ’ অঞ্চলে প্রবেশ করেছিল, যা আইনত নিষিদ্ধ। বাহিনীটি আরও দাবি করেছে যে, একটি ফিলিস্তিনি কবরস্থান ভাঙচুরের খবর তাদের কাছে এসেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বাহিনী তাল এলাকায় চারটি ফিলিস্তিনি ঘরবাড়ি দখল করে সেগুলোকে সামরিক ব্যারাকে রূপান্তর করে। গত সপ্তাহে বসতি স্থাপনকারীদের হামলায় দুই ইসরায়েলি নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বড় ধরনের পদযাত্রার ঘোষণা দিয়েছিল। ওই একই ঘটনায় চারজন ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছিলেন, সে সময় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করেছিল।
পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বর্তমানে উদ্বেগজনক হারে বেড়েছে। তাল ও নাবলুস এলাকায় ইসরায়েলি সেনারা পুরো সপ্তাহ জুড়ে অভিযান পরিচালনার পাশাপাশি এলাকাটিতে কার্যত অবরোধ আরোপ করে রেখেছে। শুক্রবার রামাল্লার কদ্দুরা শরণার্থী শিবিরেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই দিনে রামাল্লা, বেথলেহেমের ওয়াদি শাহিন এবং তুলকারেমের আনাবতা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, সলফিট এলাকায় বেশ কিছু তরুণকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং বেইতা শহরে চলন্ত গাড়িতে গুলি চালিয়ে এক ব্যক্তিকে আহত করেছে দখলদার বাহিনী।
তথ্যসূত্র: আল জাজিরা
