AdvertisementAdvertisement

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান ত্রাণমন্ত্রীর

লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে শনিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশের ফলে যুবসমাজের একটি বড় অংশ চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়কর অবস্থা থেকে উত্তরণ ঘটাতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষ ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

Advertisement
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি নির্মূলেও স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে নতুন বাংলাদেশের মূল হাতিয়ার হিসেবে অভিহিত করে তিনি তরুণদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার এবং সুন্দর সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এইচ এম রাশেদুল হক প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%