জলঢাকায় এমপির উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক প্রকল্পের নামফলক উধাও

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বালিকা বিদ্যালয় সংলগ্ন সড়ক সংস্কার প্রকল্পের উদ্বোধনী নামফলক রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আনুষ্ঠানিকভাবে সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নামফলকটি গায়েব হয়ে যায়। বর্তমানে নামফলক স্থাপনের জন্য নির্মিত কংক্রিটের স্তম্ভটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, উদ্বোধনের কয়েক ঘণ্টা পার না হতেই নামফলকটি আর খুঁজে পাওয়া যায়নি। স্তম্ভ নির্মাণকারী মো. আরিফ দাবি করেছেন, কাজ চলাকালীন স্থানীয় এক সাবেক ব্যাংক কর্মকর্তা ও রাজনৈতিক কর্মী সেখানে এসে নামফলকটি থাকবে না বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের পরই নামফলক চুরির বিষয়টি স্থানীয়দের মাঝে নানামুখী আলোচনার জন্ম দিয়েছে।
প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, শুরু থেকেই তারা নানামুখী বাধার সম্মুখীন হচ্ছেন। ইতিপূর্বে নির্মাণসামগ্রী হিসেবে রাখা ইট চুরি হওয়া এবং ড্রেনে বালু ফেলে কাজ বাধাগ্রস্ত করার মতো ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা কামনা করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
স্থানীয় জামায়াত নেতা রফিকুল আলম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নামফলকের মতো সরকারি স্থাপনা নিরাপদ না থাকলে নির্মাণসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। উন্নয়নের স্বার্থে যারা এ ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
