নবীগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রেফতার ৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ ও পুলিশ সদস্য আহতের ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউসের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে বিএনপি। পথসভা চলাকালীন রাসেদ মিয়া ও সাবের মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ৫ জন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
গুরুতর আহত পুলিশ সদস্য জোবাইদুল্লাহ মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকেলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষে আঘাত পাওয়ার ফলে তার একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া আহত বিলাল মিয়াসহ অপরদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
