কক্সবাজারে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার দুপুরে চট্টগ্রামমুখী একটি সন্দেহজনক প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার শিলবনিয়া পাড়ার নজির আহাম্মদ এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার মো. রিয়াজুল বখতিয়ার। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটি গতিরোধ করেন র্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন ও পরস্পরবিরোধী তথ্য প্রদান করলে তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ওই গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের তথ্যমতে, ধৃত নজির আহাম্মদ একজন পেশাদার মাদক কারবারি, যার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টিরও বেশি মাদক মামলা রয়েছে। অপর গ্রেপ্তার ব্যক্তি তার সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় লিপ্ত রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধার করা গাঁজা, জব্দকৃত গাড়ি এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং স্থানীয় সচেতন মহল মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
