বন্যা পরিস্থিতির আশঙ্কায় পাকিস্তান রেলওয়েতে জরুরি অবস্থা জারি ও সাপ্তাহিক ছুটি বাতিল

দেশজুড়ে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার ঝুঁকির মুখে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান রেলপথ মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় এবং রেল যোগাযোগ সচল রাখতে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জরুরি অবস্থা বহাল থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাকিস্তানের রেলপথ মন্ত্রী হানিফ আব্বাসি বন্যা মোকাবিলায় মাঠপর্যায়ে অবস্থান করে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সব বিভাগীয় তত্ত্বাবধায়ককে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন ও অবকাঠামো মেরামতের কাজ ব্যক্তিগতভাবে তদারকি করতে বলা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পাকিস্তান রেলপথের নিয়ন্ত্রণ কক্ষগুলোকে ২৪ ঘণ্টা সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী হানিফ আব্বাসি সাফ জানিয়ে দিয়েছেন যে, জনদুর্ভোগ লাঘবে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। কর্মকর্তাদের কাজের মান সরাসরি তদারকি করার কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশনার বাস্তবায়ন যাচাই করতে যেকোনো সময় আকস্মিক পরিদর্শন চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন মন্ত্রী। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এই জরুরি মুহূর্তে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে জনসেবা নিশ্চিত করতে হবে। সরকারি সব সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়ে বন্যাবিধ্বস্ত অবকাঠামো দ্রুত মেরামত ও ট্রেন চলাচল স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন পাকিস্তানের রেলপথ মন্ত্রী।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
