উত্তর ওয়াজিরস্তানে অভিযান: নিহত সেনা কর্মকর্তা ও পাঁচ জঙ্গি

উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত এক গোয়েন্দাভিত্তিক অভিযানে অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
নিহত কর্মকর্তার নাম মেজর হাফিজ এহসান এলাহি। ৩৪ বছর বয়সী এই কর্মকর্তা মিয়ানওয়ালি জেলার বাসিন্দা ছিলেন। আইএসপিআর জানিয়েছে, ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। তীব্র গোলাগুলির মুখে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়ে এবং একপর্যায়ে তারা খতম হয়।
সেনাবাহিনীর ভাষ্যমতে, মেজর হাফিজ এহসান এলাহি অত্যন্ত সাহসিকতার সঙ্গে শত্রুর মোকাবিলা করেছেন। ওই অঞ্চলে কোনো জঙ্গি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সেনাবাহিনী কর্তৃক চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) গত দুই মাসে প্রদেশজুড়ে চালানো বিভিন্ন অভিযানে ৫৪ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন কথিত এজেন্টও রয়েছেন। লাহোর, ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি, সারগোধা, ঝিলাম, পাকপত্তন, গুজরানওয়ালা, সাহিওয়াল ও ওকারাসহ বিভিন্ন জেলায় ৪১৯টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
সিটিডির মুখপাত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ৪২টি ডেটোনেটর, ৯৮ ফুট সেফটি ফিউজ ওয়্যার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন নথিপত্র, স্টিকার ও বইপত্র বাজেয়াপ্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
