চাঁদপুরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের আগে আয়োজিত পথসভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমবেত হন।
পথসভায় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে আরও ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আমির মাওলানা মুহাম্মদ ইউনুস হেলাল, পৌর আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের ও মাওলানা সিদ্দিকুর রহমান।
বক্তারা অনতিবিলম্বে গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এসব দাবি পূরণ না হলে আগামী দিনে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বিগত সরকারের আমলের অনিয়ম ও অবিচারের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। মিছিল ও পথসভায় অংশগ্রহণকারীরা নানা স্লোগান দিয়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তাদের জোরালো অবস্থান তুলে ধরেন।
