AdvertisementAdvertisement

জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল

চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বাদ আছর হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিলে দলটির সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে জুলাই সনদের দাবি সংবলিত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে রাজপথে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নেতারা। এতে চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা জামায়াতের আমির মাওলানা বি এম কলিম উল্লাহ, নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হক পরান এবং পৌর জামায়াতের আমির আবুল হাসানাত পাটওয়ারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে যথাযথ সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্থাপন করেন তারা।

বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। জনগণের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী দিনে কঠোর কর্মসূচি ও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%