বরিশালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

বরিশাল মহানগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন অবসানের পর ছাত্র-জনতা একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তা শহীদদের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে বলে তিনি মন্তব্য করেন।
মুয়াযযম হোসাইন হেলাল আরও বলেন, এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে গভীর উদ্বেগ রয়েছে। তিনি প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং জনগণের রায় অনুযায়ী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরির দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি তোলেন তিনি।
সমাবেশে মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে অশ্বিনী কুমার টাউন হল থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ ও গির্জা মহল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। এ সময় দলটির হাজারো নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন স্লোগান দিয়ে অংশগ্রহণ করেন।
