রাণীশংকৈলে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার উপজেলা জামায়াতের আয়োজনে স্থানীয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ জুলাই সনদের দাবি আদায়ে রাজপথে নামার কারণ ও গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশে দুর্নীতি, অর্থপাচার ও অনিয়মের পথ রুদ্ধ হবে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের হীন উদ্দেশ্যে এই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকারম হোসাইন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আমির আহমেদসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়ে জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায়ের বিরোধিতা করছে।
সমাবেশে দাবি করা হয়, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় জনমনে গভীর হতাশা দেখা দিয়েছে। জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতারা।
