আগস্টে ভারী বর্ষণ ও বন্যার পূর্বাভাস নিয়ে সতর্কবার্তা

চলতি আগস্ট মাসে স্বাভাবিকের তুলনায় অধিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ কিংবা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাবে উজানের ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। শনিবার প্রকাশিত মাসিক আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা কিংবা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সমুদ্র পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
মাসের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত জারির প্রয়োজন হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।
তৃতীয় ও শেষ সপ্তাহেও দেশজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে অতিবৃষ্টির ফলে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। মাসের শেষভাগে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বজায় থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, আগস্ট মাসে বড় কোনো ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তবে বৃষ্টির বিরতিকালে বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে জনজীবনে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
এদিকে, চলতি মাসে দুটি মহাজাগতিক ঘটনার কথা থাকলেও বাংলাদেশ থেকে তার কোনোটিই দৃশ্যমান হবে না। আগামী ১৪ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ হওয়ার কথা রয়েছে, যা দেশের আকাশ থেকে দেখা যাবে না।
