বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত সন্ত্রাসী নিহত উত্তর ওয়াজিরস্তানে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা

পাকিস্তানের বেলুচিস্তান ও উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে অন্তত ১২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার বেলুচিস্তানের নশকি জেলায় অভিযান চালিয়ে সাত জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীও রয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, নশকি জেলায় পরিচালিত এই অভিযানে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে। এলাকাটিতে কোনো অবশিষ্ট জঙ্গি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে বর্তমানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
একই দিনে উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরও পাঁচ জঙ্গি প্রাণ হারিয়েছে। এই অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনীর মেজর হাফিজ এহসান এলাহি অকুতোভয়ে লড়াই করতে গিয়ে শাহাদাতবরণ করেন। ৩৪ বছর বয়সী এই সেনা কর্মকর্তা মিয়াঁওয়ালি জেলার বাসিন্দা ছিলেন।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজমাক এলাকায় ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই অভিযানটি চালানো হয়। সেখানে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় মেজর এহসানসহ নিরাপত্তা বাহিনী সাহসিকতার পরিচয় দিয়েছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, ‘অপারেশন আজম-ই-ইস্তেকাম’ কার্যক্রমের আওতায় দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, দেশের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সন্ত্রাসবিরোধী লড়াই পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
