পাকিস্তান নৌবাহিনীর চার কমোডরকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি প্রদান

পেশাগত উৎকর্ষ, অসামান্য সামরিক দক্ষতা এবং দীর্ঘদিনের বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান নৌবাহিনীর চার কমোডরকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কমোডর তাসাউর ইকবাল, কমোডর মুহাম্মদ উমায়ের, কমোডর শহীদ ওয়াসিফ এবং কমোডর রাও আহমদ ইমরান আনোয়ার।
রিয়ার অ্যাডমিরাল তাসাউর ইকবাল ১৯৯৫ সালে অপারেশনস শাখায় কমিশন লাভ করেন। পাকিস্তান নেভাল একাডেমি ও ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির স্নাতক এই কর্মকর্তা ফ্রান্সের ইন্টার সার্ভিসেস স্টাফ কোর্সেও অংশ নিয়েছেন। কর্মজীবনে তিনি পিএনএস আলমগীরের কমান্ডিং অফিসার এবং পাকিস্তান নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কমান্ডার ওয়েস্ট হিসেবে কর্মরত আছেন এবং সামরিক অবদানের জন্য ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাবে ভূষিত হয়েছেন।
১৯৯৬ সালে অপারেশনস শাখায় যোগ দেওয়া রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ উমায়ের চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। তিনি এর আগে পিএনএস কুয়াত, পিএনএস তারিক ও পিএনএস তাবুকের কমান্ডারের দায়িত্বসহ নৌ সদর দপ্তরে স্ট্র্যাটেজি বিষয়ক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বর্তমানে তিনি করাচিতে পাকিস্তান নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পদকে ভূষিত হয়েছেন।
রিয়ার অ্যাডমিরাল শহীদ ওয়াসিফ ১৯৯৬ সালে নৌবাহিনীতে কমিশন লাভ করেন। যুক্তরাজ্য থেকে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স সম্পন্ন করা এই কর্মকর্তা কিং’স কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পিএনএস সাইফের কমান্ডিং অফিসার এবং নৌবাহিনী প্রধানের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ২৫তম ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের কমান্ডার হিসেবে কর্মরত এই কর্মকর্তা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ সামরিক পদক পেয়েছেন।
রিয়ার অ্যাডমিরাল রাও আহমদ ইমরান আনোয়ার ১৯৯৬ সালে অপারেশনস শাখায় নিজের কর্মজীবন শুরু করেন। তিনি পিএনএস জুরার, পিএনএস শামসের, পিএনএস জুলফিকারসহ একাধিক যুদ্ধজাহাজের কমান্ড সামলেছেন। এছাড়া তিনি নয়াদিল্লিতে পাকিস্তান নৌবাহিনীর উপদেষ্টা এবং পাকিস্তান নেভি ওয়ার কলেজের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইসলামাবাদে নৌ সদর দপ্তরে নেভাল সেক্রেটারি হিসেবে কর্মরত এই কর্মকর্তা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ ও ‘তামগা-ই-বাসালাত’ পদকে ভূষিত হয়েছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ