এসএসসিতে নতুন চেয়ারম্যানের যোগদান, নিয়োগ জট কাটাতে তৎপর রাজ্য সরকার

ভারতর পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে গতিশীল করার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার বিকাশ ভবনে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের সরকারের রেখে যাওয়া ওবিসি সংক্রান্ত জটিলতা কাটিয়ে নতুন করে নিয়োগের পথ প্রশস্ত করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে ওবিসি সংরক্ষণের বিষয়টি জটিল আইনি বেড়াজালে আটকে গিয়েছিল। তবে বিধানসভায় নতুন আইন সংশোধনের পাশাপাশি রাজ্য সরকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালীন অবকাশ শেষে আদালত খোলার পর শীর্ষ আদালতে এ সংক্রান্ত আবেদন জানানো হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য সরকার বিদ্যমান জটিলতা নিরসনে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের নির্বাচনী সংকল্প অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মেধা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসসি, এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০০ পয়েন্টের সংরক্ষণের রোস্টার মেনেই যাবতীয় নিয়োগ সম্পন্ন করা হবে।
ইতিমধ্যেই মুখ্যসচিব পদমর্যাদার বর্ষীয়ান আমলা দুষ্মন্ত নারিওয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তিনি সোমবারই দায়িত্বভার গ্রহণ করেছেন। এই নতুন প্রশাসনিক নেতৃত্বের অধীনে আগামী দেড় সপ্তাহের মধ্যেই দ্বিতীয় এসএলএসটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে চাকরিপ্রার্থীদের মধ্যে প্রবল আশা সঞ্চার হয়েছে। ইতিমধ্যে উচ্চপ্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় প্রাথমিক ও এসএসসির স্থবিরতা কেটে দ্রুত নিয়োগ সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস