কর্মকর্তাদের কাজে বাধা না দিতে এনসিসিআইএ-কে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ

পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি বা এনসিসিআইএ-কে তাদের কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জারি করা স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আদালত। এনসিসিআইএ-তে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির স্থায়ীকরণ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ আজম খান এই লিখিত আদেশ প্রদান করেন।
আদালতের শুনানিকালে এনসিসিআইএ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের জবাব দাখিলের জন্য বাড়তি সময়ের আবেদন জানানো হয়। তবে আবেদনকারী কর্মকর্তাদের আইনজীবী এই সময়ের আবেদনের তীব্র বিরোধিতা করেন। তিনি যুক্তি তুলে ধরে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি প্রথম শুনানির পর থেকে সংস্থাটিকে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। বারবার শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার ফলে আবেদনকারী কর্মীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত এনসিসিআইএ-কে তাদের জবাব দাখিলের জন্য ৩০ জুলাই পর্যন্ত শেষবারের মতো সুযোগ প্রদান করেছেন। আদালত স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে, আইন অনুযায়ী আবেদনকারী কর্মকর্তারা যেন তাদের দাপ্তরিক দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন না হন।
ইসলামাবাদ হাইকোর্ট সতর্ক করে দিয়ে জানিয়েছেন, নির্ধারিত পরবর্তী শুনানির দিন পর্যন্ত যদি এনসিসিআইএ তাদের জবাব দাখিল করতে ব্যর্থ হয়, তবে বিদ্যমান নথিপত্রের ভিত্তিতেই মামলার রায় ঘোষণা করা হবে। মামলার পরবর্তী কার্যক্রম ৩০ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
