রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে অতিবর্ষণে বন্যা পরিস্থিতি, জরুরি অবস্থা ঘোষণা

পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষণে নাল্লা লাইসহ স্থানীয় জলপ্রবাহগুলোর পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় প্রশাসন টুইন সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বানের পানিতে তলিয়ে গেছে নিচু এলাকার শত শত ঘরবাড়ি, আর সেই সাথে এক শিশুর ড্রেনে পড়ে নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক সংবাদ পাওয়া গেছে।
ফ্লাড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, নাল্লা লাই অববাহিকায় গড়ে ৫৪.৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কাচারি চাকলালায় সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানির স্তর কাটারিয়ানে ১০ ফুট এবং গাওয়ালমান্ডিতে ৯ ফুট পর্যন্ত পৌঁছে যাওয়ায় সেখানে সতর্কবার্তা জারি করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি মোকাবিলায় সর্বক্ষণিক নজরদারি ও উচ্চ সতর্কতায় রয়েছে।
রাওয়ালপিন্ডির সাদিকাবাদ, ধোক খাব্বা, আরিয়া মহল্লা এবং পীরওয়াধাইসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে কমিটির চক, মুরগি রোড ও পেশোয়ার রোডসহ প্রধান সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ইসলামাবাদে ভারা কাহু এলাকায় বৃষ্টির পানি বাসাবাড়িতে ঢুকে পড়ায় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং অনেকের গৃহস্থালি সামগ্রী নষ্ট হয়েছে।
মিসরিয়াল রোডের ফ্রেন্ডস কলোনিতে বৃষ্টির সময় ড্রেনে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, খেলাধুলার সময় শিশুটি দুর্ঘটনাবশত ড্রেনে পড়ে যায়।
বর্জ্য ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ওয়াশা নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। আবহাওয়া দপ্তর আগামীতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় জেলা প্রশাসন ও ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথোরিটিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতেও নগরবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
