AdvertisementAdvertisement

সত্য ও পুনর্মিলন কমিশন গঠনে বিলাওয়াল ভুট্টোর উদ্যোগের প্রতি সাড়া দিয়েছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির কাছ থেকে তার পাঠানো চিঠির আনুষ্ঠানিক জবাব পেয়েছেন। আজাদ জম্মু ও কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় একটি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ বা সত্য ও পুনর্মিলন কমিশন গঠনের যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, তার প্রেক্ষিতে এই সাড়া পাওয়া গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিলাওয়াল জানান, কমিটির পাঠানো নতুন প্রস্তাবনাগুলো তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করবেন।

বিলাওয়াল ভুট্টো আরও বলেন, প্রতিটি মূল্যবান প্রাণহানি একটি জাতীয় ট্র্যাজেডি হিসেবে গণ্য হওয়া উচিত। তার বর্তমান অগ্রাধিকার হলো বিদ্যমান সংকটের নিরসন ঘটানো, সাধারণ মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিশ্চিত করা এবং আজাদ জম্মু ও কাশ্মীরে দ্রুত জনজীবন স্বাভাবিক করে তোলা। কমিশন গঠনের এই উদ্যোগকে প্রাতিষ্ঠানিক সমাধান হিসেবে মেনে নেওয়ার যে সদিচ্ছা কমিটি দেখিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য যে, কমিশন গঠনের এই প্রস্তাবটিকে ইতোমধ্যে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা সমর্থন জানিয়েছে। এই প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে বিলাওয়াল ভুট্টো আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাকিস্তান কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব কি না, তা যাচাই করাই হবে আলোচনার মূল লক্ষ্য।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%