আজাদ জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে মুজাফফরবাদ বিভাগে। এই নির্বাচনে ১০ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মুজাফফরবাদ বিভাগের ৯টি নির্বাচনী আসন এবং পাকিস্তান-অধিকৃত এলাকায় বসবাসরত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনের ভাগ্য নির্ধারণ হবে আজকের এই নির্বাচনের মাধ্যমে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুজাফফরবাদ, নীলম ও ঝিলাম ভ্যালি এবং শরণার্থী কোটার ১২টি আসনের প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অবসরপ্রাপ্ত) গোলাম মোস্তফা মুঘল জানিয়েছেন, কঠোর নিরাপত্তার বলয়ে নির্বাচনী কর্মকর্তাদের স্ব স্ব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীরের শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনের যৌক্তিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শরণার্থীদের দাবি, তাদের নিজস্ব পরিচয়, সংস্কৃতি রক্ষা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই আসনগুলো অপরিহার্য। তারা পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে, কাশ্মীরি জনগণের প্রতিটি সংকটময় মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে।
পাকিস্তান সরকার ও জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করে শরণার্থী নেতারা জানান, তাদের জাতীয় পরিচয় এবং পাকিস্তানের প্রতি তাদের অটল অঙ্গীকার কোনোভাবেই আপসযোগ্য নয়। শরণার্থীদের প্রতিনিধিত্ব অক্ষুণ্ণ রাখতে পাকিস্তান সরকারের এই বিশেষ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ ও অস্তিত্বের জানান দিতে বদ্ধপরিকর।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
