দাদাগিরির মঞ্চে এআই এর কবলে দেবের গোপন তথ্য ফাঁস

বিনোদন জগতে সাইবার অপরাধের কবলে পড়ে নাজেহাল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। বলিউড থেকে টলিউড, তারকাদের ব্যক্তিগত তথ্য চুরি বা ফোন হ্যাক হওয়ার আতঙ্ক সবসময়ই বিদ্যমান। তবে এবার খোদ সুপারস্টার দেবের ফোন হ্যাক হওয়ার চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। শুধু তাই নয়, অভিনেতার ফোনের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবরেও বেশ উত্তাল নেটিজেনরা। তবে ভয়ের কিছু নেই, এই পুরো ঘটনাটি ঘটেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে।
শো-এর আসন্ন পর্বে এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মশাইয়ের কারসাজিতেই ঘটেছে এই বিপত্তি। সবার সামনে এআই মশাই দেবের ফোনের যাবতীয় তথ্য ফাঁস করে দেওয়ায় লজ্জায় লাল হয়ে ওঠেন খোদ দেব। তবে এই হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল ভিন্ন। প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসে, ‘দাদাগিরি’-র মঞ্চ সামলানোর জন্য দেব কতটা প্রস্তুতি নিচ্ছেন। জানা যায়, সঞ্চালনার দক্ষতা বাড়াতে এবং অনুষ্ঠানে কঠিন সব শব্দ ব্যবহার করতে দেব রীতিমতো একটি আস্ত অভিধান নিজের ফোনে সংরক্ষণ করে রেখেছেন। দেবের এই নিরলস পরিশ্রম ও প্রস্তুতির প্রশংসা করে এআই মশাই তাকে স্যালুটও জানান।
দীর্ঘদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে চলা ‘দাদাগিরি’-র মঞ্চে নতুন দাদা হিসেবে দেবের উপস্থিতি শুরুতে অনেক দর্শকের মনেই দোলাচল সৃষ্টি করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের সাবলীল সঞ্চালনায় সেই সংশয় কাটিয়ে উঠেছেন এই অভিনেতা। তার উপস্থাপনায় অনুষ্ঠানটি এখন নতুন প্রাণ পেয়েছে, যা দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।
দেব তার এই নতুন যাত্রায় একে একে মঞ্চে স্বাগত জানিয়েছেন কোয়েল মল্লিক থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো তারকাদের। খুব শীঘ্রই অতিথি হিসেবে দেখা মিলবে সুপারস্টার জিতেরও। এছাড়া কুমার শানু ও ইমনের মতো সঙ্গীতশিল্পীদের উপস্থিতি শো-এর চাকচিক্য আরও বাড়িয়ে তুলেছে। নিজের সৃজনশীলতা ও কঠিন পরিশ্রমে দেব যে নতুন দাদাগিরিকে সাফল্যের শিখরে নিয়ে চলেছেন, তা দর্শকদের ভালোবাসা ও ইতিবাচক সাড়া থেকেই স্পষ্ট।
