পাকিস্তানে জুলাই মাসে চরম অস্থিরতা: নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০১ জঙ্গি নিহত, শহীদ ১১২ জওয়ান

জুলাই ২০২৬ মাসে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বেগজনক ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান নিরাপত্তা বাহিনী দেশজুড়ে সাঁড়াশি অভিযান জোরদার করেছে এবং মাসজুড়ে রেকর্ডসংখ্যক ৪০১ জন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর ১১২ জন সদস্য আত্মাহুতি দিয়েছেন। ২০২৩ সালের জানুয়ারির পর এটিই ছিল কোনো এক মাসে নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। একই সময়ে সন্ত্রাসীদের হামলায় ৭৪ জন বেসামরিক নাগরিক এবং শান্তি কমিটির ১৯ জন সদস্য নিহত হয়েছেন, যা জুন মাসের তুলনায় বেসামরিক প্রাণহানির হার ২১ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
গত এক দশকে জুলাই মাসেই সবচেয়ে বেশি সন্ত্রাসী সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। মাসটিতে অন্তত ৮টি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে, যা বিগত দশ বছরের মধ্যে সর্বোচ্চ। সামরিক অভিযানের তীব্রতা বাড়ায় জুন মাসের তুলনায় জঙ্গিদের মৃত্যুহার ১০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত ১০ বছরের পরিসংখ্যানে এটিই একক মাসে সর্বোচ্চ নিহতের সংখ্যা।
প্রাদেশিক পরিসংখ্যানে দেখা গেছে, বেলুচিস্তান প্রদেশে ৬২ জন নিরাপত্তা সদস্য ও ৫৪ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেটেল্ড জেলাগুলোতে ৩৮ জন এবং মার্জড জেলাগুলোতে ৭৯ জন নিরাপত্তা সদস্য সন্ত্রাসীদের হামলায় শাহাদাতবরণ করেছেন।
চলতি বছরের প্রথম সাত মাসের সামগ্রিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, এ পর্যন্ত ১ হাজার ৮৫৭ জন জঙ্গিকে নির্মূল করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। একই সময়ে নিরাপত্তা বাহিনীর ৪৩৪ জন সদস্য, ৪৬৩ জন বেসামরিক নাগরিক এবং শান্তি কমিটির ৩২ জন সদস্য সন্ত্রাসবাদের বলি হয়েছেন। ক্রমবর্ধমান এই নিরাপত্তা হুমকি মোকাবিলায় পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান বজায় রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
