AdvertisementAdvertisement

জুলাইয়ে পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ হারালেন ৬০৬ জন

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস দেশটিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী মাস হিসেবে চিহ্নিত হয়েছে। সামরিক গোষ্ঠীগুলোর ধারাবাহিক আক্রমণ এবং সরকারি বাহিনীর পাল্টা অভিযানে জুলাই মাসে অন্তত ৬০৬ জন নিহত এবং ২৩২ জন আহত হয়েছেন। নিরাপত্তা পরিস্থিতির এই ভয়াবহ অবনতি পাকিস্তান সরকারের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর ১১২ জন সদস্য প্রাণ হারিয়েছেন, যা ২০২৩ সালের জানুয়ারির পর এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। একই সময়ে ৪০১ জন জঙ্গি নিহত হয়েছে, যা গত এক দশকের মধ্যে মাসিক নিহতের দিক থেকে সর্বোচ্চ। এছাড়া সহিংসতায় ৭৪ জন সাধারণ নাগরিক এবং ১৯ জন শান্তি কমিটির সদস্য প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ১০১ জন, সাধারণ নাগরিক ১০৩ জন, শান্তি কমিটির ১৪ জন এবং ১৪ জন জঙ্গি অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

জুলাই মাসে জঙ্গি গোষ্ঠীগুলো অন্তত আটটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটিয়েছে, যার মধ্যে পাঁচটি ছিল যানবাহন ব্যবহার করে চালানো হামলা। এটি গত দশ বছরে এক মাসে রেকর্ড করা সর্বোচ্চ আত্মঘাতী হামলার সংখ্যা। পাশাপাশি অপহরণের ঘটনাও জুন মাসের তুলনায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৬টিতে পৌঁছেছে। জুনের তুলনায় জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর প্রাণহানি ১৯৫ শতাংশ এবং জঙ্গিদের প্রাণহানি ১০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রাদেশিক ভিত্তিতে পর্যালোচনার করলে দেখা যায়, বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক হয়ে পড়েছে। সেখানে জুন মাসের তুলনায় জুলাই মাসে সামগ্রিক মৃত্যুর হার ২৪১ শতাংশ বেড়েছে। বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের ঘটনা ৬ থেকে বেড়ে ৬২-তে উন্নীত হয়েছে, যা ৯৩৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের মূল ভূখণ্ডেও সহিংসতা বেড়েছে এবং সেখানে ১৫৪ জন নিহত হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তবে খাইবার পাখতুনখোয়ার অন্তর্ভুক্ত জেলাগুলোতে পরিস্থিতির কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেছে, যেখানে আগের মাসের তুলনায় মৃত্যুর হার সামান্য হ্রাস পেয়েছে। সিন্ধু প্রদেশে দুটি হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। পাঞ্জাব, ইসলামাবাদ, আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানে জুলাই মাসে কোনো বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা রেকর্ড করা হয়নি।

চলতি বছরের প্রথম সাত মাসে পাকিস্তানজুড়ে জঙ্গি সংশ্লিষ্ট সহিংসতায় মোট ২ হাজার ৭৮৬ জন নিহত হয়েছেন। এই সাত মাসে ১ হাজার ৮৫৭ জন জঙ্গি, ৪৬৩ জন বেসামরিক নাগরিক, ৪৩৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩২ জন শান্তি কমিটির সদস্য প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উগ্রবাদী তৎপরতা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান পরিস্থিতির আরও জটিল ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%