কাশ্মীর নির্বাচনে এগিয়ে পিএমএল-এন সরকার গঠনের দাবি আতাউল্লাহ তারারের

আজাদ জম্মু ও কাশ্মীরের পরবর্তী সরকার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) গঠন করবে বলে দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মিরপুর বিভাগে পিএমএল-এন প্রার্থীরা ইতোমধ্যে বিজয় নিশ্চিত করেছেন এবং কাশ্মীরের নির্বাচনের প্রথম ধাপে দলটি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। নির্বাচনী প্রচারণায় কঠোর পরিশ্রমের জন্য তিনি দলীয় কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।
আতাউল্লাহ তারার জোর দিয়ে বলেন যে, জনসেবা ও উন্নয়নই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজাদ জম্মু ও কাশ্মীরে ড্যানিশ স্কুলসহ বেশ কিছু মেগা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। সেই সঙ্গে মন্ত্রী দাবি করেন, পিএমএল-এন নেতৃত্ব ধারাবাহিকভাবে কাশ্মীরের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং জাতিসংঘসহ বিশ্বের সব গুরুত্বপূর্ণ ফোরামে কাশ্মীরি জনগণের ন্যায়সংগত দাবিকে জোরালোভাবে তুলে ধরেছে।
আগামী রোববার আজাদ জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধাপে ২১টি নির্বাচনী এলাকায় ১২ লাখেরও বেশি নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ২১টি আসনের মধ্যে ৯টি আসন মুজাফফরাবাদ বিভাগে অবস্থিত, যেখানে ভোটার সংখ্যা ৮ লাখ ৯ হাজার ৬২১ জন। এর মধ্যে নিলাম জেলায় ২টি আসনে ১ লাখ ৫১ হাজার ৯১১ জন, ঝিলাম উপত্যকায় ২টি আসনে ১ লাখ ৭৭ হাজার ৫০০ জন এবং মুজাফফরাবাদ জেলার ৫টি আসনে ৪ লাখ ৮০ হাজার ২১৯ জন ভোটার রয়েছেন। মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসনের জন্য মোট ২০৮ জন এবং ১২টি শরণার্থী নির্বাচনী আসনের বিপরীতে ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
