পাকিস্তানে ভারী বর্ষণের পূর্বাভাস, আকস্মিক বন্যার সতর্কতা জারি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে ভারী বর্ষণের ফলে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল এবং নগর প্লাবনের আশঙ্কায় সাধারণ নাগরিকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
লাহোরসহ পাঞ্জাবের বিভিন্ন জেলায় অবিরাম বর্ষণে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও আকাশজুড়ে মেঘের আনাগোনা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় লাহোরের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বর্তমানে শহরটির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার ও আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।
শুক্রবারে ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, উত্তর-পূর্ব বেলুচিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, শিয়ালকোট, ফয়সালাবাদ ও সারগোদাসহ পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকির কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
পাকিস্তান সরকার সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জরুরি পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পাহাড়ি অঞ্চলে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে যেকোনো দুর্যোগ মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ