পাকিস্তানের পাঞ্জাবে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির আশঙ্কায় সতর্কতা জারি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বিশেষ করে নালা ডেক, চেনাব এবং ঝিলাম নদীর পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রদেশটির বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, মৌসুমী বৃষ্টির প্রভাবে সৃষ্ট এই পরিস্থিতিতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে মাঝারি থেকে মৃদু বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

রাভি নদী ব্যবস্থার অন্যতম শাখা নালা ডেক-এর কাংরা ব্রিজে পানির প্রবাহ ১০,১৯৩ কিউসেক রেকর্ড করা হয়েছে, যা ওই এলাকায় মৃদু বন্যার ইঙ্গিত দিচ্ছে। এদিকে, চেনাব নদীর হেড মারালায় পানির প্রবাহ ১১০,৩৫৫ কিউসেক এবং নির্গমন ৮৮,০৮২ কিউসেক পর্যায়ে রয়েছে। বর্তমানে এই এলাকাটি মৃদু বন্যা পরিস্থিতির আওতায় রয়েছে বলে পাকিস্তানর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ঝিলাম নদীর মাংলা পয়েন্টে পরিস্থিতি কিছুটা জটিল আকার ধারণ করেছে। সেখানে পানির প্রবাহ ১৩৩,০০০ কিউসেকে পৌঁছানোর ফলে মাঝারি ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জলাধারের ধারণক্ষমতা ও পরিচালন চাহিদার ভিত্তিতে পানি নিস্কাশনের কাজ চলমান রয়েছে।

প্রদেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা সার্বক্ষণিক নদী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যেকোনো জরুরি অবস্থা সামাল দিতে উদ্ধারকারী দলগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। নদীতীরবর্তী নিচু এলাকায় বসবাসরত বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী দিনগুলোতে নদীবাহিত পানির প্রবাহ বৃদ্ধি পেলে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%