বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা ইরানের ভিসা জটিলতায় উত্তপ্ত ফুটবল অঙ্গন

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় ধরনের জটিলতার মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্কের আন্তালিয়ায় দীর্ঘ ক্যাম্প শেষে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নিয়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে তেহরান। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, দলের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং কারিগরি উপদেষ্টাকে ভিসা না দিয়ে ওয়াশিংটন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ করেছে, যা আন্তর্জাতিক ক্রীড়া আইনের পরিপন্থী।

বিজ্ঞাপন

তুরস্কে নিযুক্ত মার্কিন দূত টম বারাক সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন যে, ইরান দলের খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দলের বড় একটি অংশ, বিশেষ করে ব্যবস্থাপক ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়নি। এই তালিকায় রয়েছেন ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ, মহাসচিব হেদায়াত মোমবিনি এবং গণমাধ্যম পরিচালক মোহসেন মোতামেদকিয়া।

ইরান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড সম্পূর্ণ অক্রীড়াসুলভ এবং রাজনৈতিক। বিষয়টি নিয়ে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে কঠোর অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের ভাষ্যমতে, জাতীয় দলের জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট এই সদস্যদের উপস্থিতি অপরিহার্য, তাই ফিফার দায়িত্ব হলো দ্রুততম সময়ের মধ্যে এই ভিসা জটিলতা নিরসন করা। তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমন এক অস্থির সময়ে এই বিতর্ক সামনে এল যখন বৈশ্বিক রাজনীতির উত্তাপের আঁচ লেগেছে ফুটবলেও। যদিও নানা প্রতিকূলতা পেরিয়ে ইরান দল তাদের প্রস্তুতি ভালোভাবেই সেরেছে। আন্তালিয়ায় গত বৃহস্পতিবার মালিকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা, এছাড়া ২৯ মে গাম্বিয়াকে ৩-১ গোলে পরাজিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দলটি। দলটির পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর তিহুয়ানাতে তাদের বেস ক্যাম্প থাকলেও গ্রুপের তিনটি ম্যাচ তারা খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, গ্রুপ ‘জি’-তে থাকা ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবেন তারা। সব ধরনের রাজনৈতিক বাধা উপেক্ষা করে মাঠের ফুটবলে নজর ফেরাতে মরিয়া ইরান দল এখন মেক্সিকো যাত্রার প্রস্তুতি নিচ্ছে, তবে ভিসা জটিলতার এই তিক্ত অভিজ্ঞতায় দলটির ওপর যে বাড়তি মানসিক চাপ সৃষ্টি হয়েছে, তা বলাই বাহুল্য।

0%
0%
0%
0%