রেলওয়ে প্রকল্প সময়মতো শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের

পাকিস্তানের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার ইসলামাবাদে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান বজায় রেখে যেন পাকিস্তান রেলওয়ের সব উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়। যাত্রী ও পণ্য পরিবহনে রেল ব্যবস্থাকে সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উন্নত রেল অবকাঠামো আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক হাব হিসেবে পাকিস্তানের অবস্থানকে আরও সুসংহত করবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী কার্যালয়ের মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে মেইন লাইন-১ বা এমএল-১ প্রকল্পের আওতায় রোহরি-মুলতান অংশের উন্নয়ন প্রস্তাব দ্রুত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমএল-১ ও এমএল-৩ প্রকল্পের অগ্রগতি এবং থর কয়লা খনি সংযোগ প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এমএল-১ প্রকল্পের করাচি-রোহরি অংশের বিস্তারিত প্রকৌশল নকশা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া এমএল-৩ প্রকল্পের রোহরি-নকুন্দি অংশের উন্নয়ন কাজ পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ব্রিজ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে।

আঞ্চলিক সংযোগ ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে থর কয়লা ক্ষেত্র থেকে ছোর রেল স্টেশন পর্যন্ত ১১২ কিলোমিটার দীর্ঘ রেলপথ প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেল খাতে ব্যাপক সংস্কারের অংশ হিসেবে ইতিমধ্যে একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে এবং রেলওয়ের নিজস্ব স্কুল ও হাসপাতালগুলোর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ন্যস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা, রেলমন্ত্রী হানিফ আব্বাসী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজা ফাতেমা খাজা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুহাম্মদ আলী এবং অর্থ ও রেলবিষয়ক প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের ছয়টি প্রধান রেলওয়ে স্টেশনের বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%