জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প যথাসময়ে শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় গুরুত্বপূর্ণ সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। শনিবার ইসলামাবাদে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন যে, প্রকল্পের মান বজায় রেখে কাজ শেষ করা জনকল্যাণ নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে অপরিহার্য শর্ত।
পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবালের সঙ্গে আয়োজিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী দেশের চলমান উন্নয়ন কর্মযজ্ঞের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন। বৈঠকে সরকারি খাতের উন্নয়ন কর্মসূচির আওতায় চলমান প্রকল্পগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আহসান ইকবাল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সরকারের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোর যথাসময়ে সমাপ্তি বর্তমান সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। তিনি কাজের মান নিয়ে কোনো ধরনের আপস না করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর জোর দেন। এতে উন্নয়নের সুফল দ্রুত প্রান্তিক পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
উন্নয়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, নিবিড় তদারকি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো গেলে সাধারণ মানুষ অতি দ্রুত এর সুফল ভোগ করতে পারবে। সভায় জাতীয় উন্নয়নের বিভিন্ন দিকসহ আগামী দিনের লক্ষ্যমাত্রা ও অগ্রাধিকারসমূহ নিয়ে বিস্তারিত পর্যালোচনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ