সাঁকরাইলে ১,৭০০ কোটি টাকার শিল্প বিনিয়োগের পরিকল্পনা অ্যাডভেন্টজ গ্রুপের

পশ্চিমবঙ্গের হাওড়ার সাঁকরাইলে শিল্পায়নের এক নতুন জোয়ার পরিলক্ষিত হচ্ছে। আমূল ও ই-স্কুটার কারখানার সফল যাত্রার ধারাবাহিকতায় এবার সেখানে ‘লজিস্টিক অ্যান্ড ওয়্যার হাউজিং পার্ক’ স্থাপনের উদ্যোগ নিয়েছে অ্যাডভেন্টজ গ্রুপ। এই মেগা প্রকল্পের আওতায় লজিস্টিক পার্কের জন্য ১,২০০ কোটি টাকা এবং বিশেষায়িত ওয়াগন ট্যাঙ্কার তৈরির কারখানার জন্য ৫০০ কোটি টাকা, অর্থাৎ সর্বমোট ১,৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, চেক প্রজাতন্ত্রের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত হতে চলেছে। অ্যাডভেন্টজ গ্রুপের মালিকানাধীন সাঁকরাইলের ১০০ একর জমির ওপর গড়ে উঠবে এই শিল্পাঞ্চল। তরল বা গ্যাস পরিবহনে সক্ষম ওয়াগন ট্যাঙ্কার তৈরির কারখানাটি এই শিল্পাঞ্চলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর বাইরেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে আবাসন ও বিপণিবিতান নির্মাণে বিনিয়োগের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সংশ্লিষ্ট গ্রুপটি।
এই বিপুল বিনিয়োগের ঘোষণাকে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে রাজ্য বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ এখন বৃহৎ শিল্প ও নতুন সম্ভাবনার উজ্জ্বল গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করছে। এই উদ্যোগের ফলে উৎপাদনমুখী শিল্প শক্তিশালী হওয়ার পাশাপাশি রাজ্যের তরুণ প্রজন্মের জন্য হাজার-হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই শিল্পবান্ধব পরিবেশ তৈরির প্রেক্ষাপটে রাজ্য সরকার এক নতুন শিল্পনীতি ঘোষণার প্রস্তুতি গ্রহণ করেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে ১৫ আগস্টের আগেই আনুষ্ঠানিকভাবে এই নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। শুভেন্দু অধিকারী সরকারের হাত ধরে রাজ্যের শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
