কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে প্রায় ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিনজন বাংলাদেশি নাগরিক। শুক্রবার বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
দেশে ফিরে আসা এই তিন নাগরিক হলেন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং মানিকগঞ্জ জেলার বাসিন্দা শারমিন আক্তার। এর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করলে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন এবং পরবর্তীতে আদালতের রায়ে তাদের কারাভোগ করতে হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৩৩ মাস ভারতের কারাগারে বন্দি থাকার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বিজিবির নিকট হস্তান্তর করে। শুক্রবার বিকেলে সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রহণ করার পর ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধারকৃত তিনজনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।